একাত্তর ডেস্ক ::
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় একটি দালাল চক্রের সর্দারকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
আটক সোহাগ (৩২) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গড়িবিশন মহল্লার মৃত তোতা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। এই চক্রের সদস্যরা হাসপাতালের ভেতরে ও আশপাশে অবস্থান করে দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত।
পরে উন্নত চিকিৎসা ও স্বল্প খরচের প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত তারা। সেখানে নানা কৌশলে প্রতারণা করে রোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হতো।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মনজুরুল আলম জানান, আটক সোহাগকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই দালাল চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















