দশদিক ডেস্ক : :
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে ইরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছানো হয়েছে।
প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছেন বলেও জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তেহরানের সঙ্গে “ফলপ্রসূ আলোচনা” হওয়ার দাবি করলেও তা অস্বীকার করেছে ইরান। তেহরান জানিয়েছে, তারা কেবল তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা পেয়েছে, সরাসরি কোনো আলোচনা হয়নি।
ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রস্তাবের শর্তগুলোর মধ্যে হরমুজ প্রণালীকে ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে উন্মুক্ত রাখার বিষয়টি রয়েছে। বিনিময়ে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও উল্লেখ করা হয়েছে।
তবে এসব তথ্যের স্বতন্ত্র সত্যতা এখনো নিশ্চিত হয়নি বলে জানিয়েছে বিবিসি। এদিকে, ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এতে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করলেও বাস্তবায়ন নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি ও বর্তমান সামরিক পরিস্থিতির ওপর।
AD/একাত্তরের কথা




















