
বিয়ের দিন কনেকে সাজানো হয়েছে, বাড়িতে আত্মীয়স্বজন ও অতিথিদের ভিড়, রান্নাবান্নাসহ আপ্যায়নের সব প্রস্তুতিও শেষ। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের আসরে হাজির হননি বর। কনেপক্ষের অভিযোগ, মোটরসাইকেল কেনার জন্য দেওয়া দেড় লাখ টাকার বাইরেও আরও দেড় লাখ টাকা যৌতুক দাবি করে বরপক্ষ। দাবি পূরণ না হওয়ায় বিয়ে করতে আসেননি তাঁরা।
শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ওমানপ্রবাসী খয়রুন বেগম (৩৫)।
অভিযোগে খয়রুন বেগম উল্লেখ করেন, তিনি কাউয়ারগলা গ্রামের মন্তু মিয়ার মেয়ে। ওমানে থাকার সময় একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলীর (৪০) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিভিন্ন সময়ে আবাছ আলীকে ৩ লাখ ৫০ হাজার টাকা দেন তিনি। প্রায় এক মাস আগে দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ঠিক হয়।
খয়রুনের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষ মোটরসাইকেল যৌতুক দাবি করে। এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর বরপক্ষের লোকজন তাঁর বাড়িতে গেলে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়। বিয়ের দাওয়াত অনুযায়ী আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনও অনুষ্ঠানে আসেন। অতিথিদের খাবারের আয়োজনসহ আনুষঙ্গিক কাজে প্রায় দুই লাখ টাকা খরচ হয়।
কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত বরপক্ষ না আসায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন আরও দেড় লাখ টাকা না দিলে বিয়ে হবে না বলে জানানো হয় বলে অভিযোগ করেন খয়রুন। অনেক অনুরোধ করেও বরপক্ষকে বিয়েতে রাজি করানো যায়নি।
খয়রুন বেগমের বড় ভাই মইন উদ্দিন বলেন, বিয়ের দিন তাঁর বোনকে বধূ সাজে সাজানো হয়েছিল। অতিথিরা এসে খাবারও খেয়েছেন। কিন্তু যৌতুকের দাবিতে বরপক্ষ না আসায় তাঁরা সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এ কারণে আইনের আশ্রয় নিয়েছেন।
তবে যৌতুক নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি বলেন, তাঁরা কোনো যৌতুক নেননি। তাঁর ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেওয়া হয়েছে। ওই নারী ও তাঁর ভাই একই সঙ্গে প্রবাসে ছিলেন। সেখানে ওই নারীর আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জেনেও তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তা সম্ভব না হলে পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া নেওয়া হবে।




















