স্পোর্টস ডেস্ক : :
জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেই সঙ্গে মিলত এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলার টিকিটও। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বাংলাদেশ।
সোমবার ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন উজবেকিস্তানের মিরনশোখ ওর্তিকবোয়েভ। এরপর দীর্ঘ সময় গোলের দেখা না পেলেও ম্যাচের ৪৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরান আমিরুল ইসলাম।
ম্যাচজুড়ে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও কোনোটি থেকে গোল আদায় করতে পারেনি আশিকুজ্জামানের শিষ্যরা।
এই ড্রয়ের ফলে দুই দলের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে উজবেকিস্তান। ফলে শেষ চারে জায়গা পাওয়া হয়নি বাংলাদেশের।
তবে বাংলাদেশের জন্য আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বাছাইপর্বে অংশ নেওয়া ৯ দলের মধ্যে শীর্ষ ছয়টি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। সে হিসেবে পয়েন্ট টেবিলে পঞ্চম বা ষষ্ঠ স্থানে থাকলেও পরবর্তী পর্বে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
বাছাইপর্বের খেলা শেষ হবে আগামী ১০ এপ্রিল। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকি প্রতিযোগিতা। এ পর্যন্ত ১১ বার এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জন।
AD/একাত্তরের কথা




















