
গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুর ২টার দিকে মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন স্থান থেকে তাঁকে ধরে নিয়ে যায় বিএসএফ।
শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে মরকিটিলা এলাকার জিরো পয়েন্টে পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ার। পাথর তুলতে গিয়ে তাঁরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে যান। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরতে সক্ষম হন। তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
শাহরিয়ারের বাবা মনির মিয়ার দাবি, তাঁর ছেলে কানে কম শোনেন। সকালে তাঁকে হাদারপার বাজারের একটি দোকানে পাঠানো হয়েছিল। সেখান থেকে তিনি পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যান এবং ভুলবশত ভারতের ভেতরে প্রবেশ করেন। ছেলেকে আটকের খবর পেয়ে তিনি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ তাঁকে আটক করেছে। শাহরিয়ারকে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।
এর আগে গত ১৭ নভেম্বর বিছনাকান্দি পর্যটন স্পট এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করে এক পর্যটককে গালিগালাজের অভিযোগে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছিল বিজিবি। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে ১২৬৩ নম্বর পিলারসংলগ্ন জিরো পয়েন্টে দুই বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের পর তাঁকে ফেরত দেওয়া হয়।




















