
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে মানবপাচারে জড়িত সন্দেহভাজন একজন রয়েছেন বলে জানিয়েছে বিজিবি। এ সময় আরও দুজন পালিয়ে যান।
বৃহস্পতিবার রাতে বাঁশতলা বিওপির আওতাধীন শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় বিজিবি ২৮ ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক সাতজনের মধ্যে একজন নারী রয়েছেন। তাঁদের মধ্যে চারজন মাদারীপুর এবং দুজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা। অন্যজন স্থানীয় মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কাজের উদ্দেশ্যে ভারতে অবস্থানের কথা জানিয়েছেন।
তবে তাঁরা কীভাবে ও কখন ভারতে গিয়েছিলেন এবং এর পেছনে কাজের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহলের সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
তিনি জানান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান ঠেকাতেও বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
সীমান্ত পর্যবেক্ষণ জোরদার করতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। এসব কার্যক্রম পর্যায়ক্রমে আরও বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।




















