Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

নগরীতে নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরীতে চুরি, ছিনতাই বন্ধ, মশক নিধন কার্যক্রম জোরদার এবং বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীরা নগরজুড়ে নিরাপত্তা ও নাগরিক সেবার চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সিলেট নগরীতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মূল দায়িত্ব হলেও মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। ফলে অপরাধ দমন না হয়ে উল্টো পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন ও উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সিলেট এখন নানা সমস্যায় জর্জরিত। একসময় সবুজে ঘেরা এই নগরী বর্তমানে বৃক্ষ নিধনের কারণে ইট-পাথরের শহরে পরিণত হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকটও প্রকট আকার ধারণ করেছে।

নেতৃবৃন্দ জানান, নগরীতে মশার উপদ্রব দিন দিন বেড়ে চলেছে। অপরদিকে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছাচ্ছে।

বর্ষা মৌসুম শুরুর আগেই ড্রেন পরিষ্কার ও নালার প্রতিবন্ধকতা অপসারণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাসদের সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, জেলা সদস্য এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি শহীদ আহমদ, জাহেদ আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ মেঘ, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমেদ ও রাছেল মিয়া প্রমুখ।

বক্তারা অবিলম্বে মশক নিধন অভিযান জোরদার, ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ সংস্কারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত