Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বিশ্বনাথে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন তানভীরকে সংবর্ধনা

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী কৃতিসন্তান আব্দুল জাহির তানভীরকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তানভীর শুধু বিশ্বনাথের নয়, পুরো বাংলাদেশের গর্ব। তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য স্বর্ণপদক এনে দিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তানভীরের এই অর্জনের মাধ্যমে বিশ্বনাথের সুনাম দেশ-বিদেশে আরও ছড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, প্রতিকূলতা উপেক্ষা করে নিজের লক্ষ্য অর্জনে অবিচল থাকার কারণেই আজ তানভীর সফল হয়েছে। আমাদের যুবসমাজকে তার মতো খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। খেলাধুলার প্রসারে সরকার সবসময় আন্তরিক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুল জাহির তানভীর বলেন, নিজের জন্মভূমি বিশ্বনাথে এমন সংবর্ধনা পেয়ে তিনি গর্বিত ও আনন্দিত। তিনি জানান, বড় ভাই আব্দুল বাছিতের উৎসাহ ও সহযোগিতার কারণেই তিনি এ পর্যায়ে আসতে পেরেছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি বিশ্বনাথসহ পুরো দেশের অর্জন।

তিনি আরও বলেন, ব্যাডমিন্টন একটি ব্যয়বহুল খেলা। এই খেলাকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে আধুনিক ইনডোর সুবিধা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের সন্তান আব্দুল জাহির তানভীর ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫’ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেন। তিনি জাতীয় পর্যায়েও একাধিকবার সাফল্য অর্জন করে ইতোমধ্যে নিজেকে দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সর্বশেষ - জাতীয়