
বাংলাদেশে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চতুর্থ দিনে গড়িয়েছে। কারখানায় ফিরে যাওয়ার আহ্বান উপেক্ষা করে রাস্তায় অবস্থান করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার শিল্পাঞ্চলগুলোতে আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশের মুখপাত্র কামারুম মুনিরা বার্তা সংস্থা এএফপিকে জানান, পুলিশের গাড়ি পোড়ানো ও সম্পত্তি ভাঙচুরের অভিযোগে কয়েক হাজার অজ্ঞাতনামা বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত পুলিশের ৫৮ জন সদস্য আহত হয়েছেন। পোশাক শ্রমিকরা বলছেন, চলমান বিক্ষোভে অনেক শ্রমিকও আহত হয়েছেন।
কিছু দুষ্কৃতকারী সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘‘কিছু কারখানা বন্ধ রয়েছে এবং শ্রমিকরা রাস্তায় নেমে এসেছেন।’’ তিনি আরো বলেন, ‘‘কিছু দুষ্কৃতকারী সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে। তারা পরিস্থিতি আরো জটিল করে তুলছে।’’ পোশাক শ্রমিকরা বলছেন, দেশে আট শতাংশ মূল্যস্ফীতি হওয়ায় খাদ্য, বাসস্থান, পরিবহন ও স্বাস্থ্যসেবার ব্যয় বেড়ে গেছে এবং এর ফলে তাদের ক্রয়ক্ষমতা অনেক কমেছে। এ কারণে মাসিক ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা (২৪৫ মার্কিন ডলার) করার দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে তাদের মাসিক ন্যুনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
‘সরকার কেন আগে মজুরি বোর্ড গঠন করলো না?’
গাজীপুরের পোশাক শ্রমিক বেগম এএফপিকে বলেন, ‘‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরস্ত্র শ্রমিকদের ওপর বলপ্রয়োগ করেছে।’’ তার প্রশ্ন, ‘‘রাস্তায় নামা ছাড়া শ্রমিকদের আর কী করার ছিল?’’ তার আশঙ্কা – মজুরি বোর্ড বেতন বৃদ্ধির ঘোষণা না দেওয়া পর্যন্ত বিক্ষোভ থামবে না গাজীপুরের এই নারী শ্রমিক আরো বলেন, ‘‘সরকারি কর্মকর্তাদের মতো আমাদেরও দুধ, মাছ ও মুরগির মতো নিত্যপণ্য কিনতে হয়। অথচ সরকার তাদের বেতন বাড়ানোর ঘোষণা অনায়াসেই দিয়ে দিলো। সরকার কেন আগে মজুরি বোর্ড গঠন করলো না? আমাদের রাস্তায় নামা পর্যন্ত কেন অপেক্ষা করলো?’’




















