
স্টাফ রিপোর্ট::
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিভিন্ন প্রকারের কসমেটিকসসহ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল বিওপির নিয়মিত টহল দল যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন প্রকারের কসমেটিকস ছাড়াও মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করতে সক্ষম হয় বিজিবি। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




















