
প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দিতে সুনামগঞ্জের ধর্মপাশায় ২৫ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসা, টিকাদান, সংক্রামক রোগ প্রতিরোধ এবং বিভিন্ন প্রাণীর কামড়ে আহত হলে করণীয় বিষয়ে শেখানো হয়।
সোমবার সকাল সোয়া ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘আজকের খুদে ডাক্তার, আগামী দিনের ভবিষ্যৎ ডাক্তার’ স্লোগানে আয়োজিত কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশ নেয় উপজেলা সদরের ধর্মপাশা ২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ২৫ শিক্ষার্থী। হাত-পা কেটে গেলে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন টিকা, হাম, রক্তচাপ ও ডেঙ্গু সম্পর্কে তাদের শেখানো হয়। এ ছাড়া সাপে কামড় এবং কুকুর, শিয়াল ও বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আহত হলে কী করণীয়, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাজেদুল হাসান পিয়াস।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার ও সাংবাদিক সালেহ আহমদ। প্রশিক্ষক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (তথ্যপ্রযুক্তি) ডা. সাবের হোসেন ফুয়াদ।
কর্মশালা শেষে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগাতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের হাতে ফার্স্ট এইড বক্স, রক্তচাপ মাপার যন্ত্রসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কর্মশালায় ব্যতিক্রমী আয়োজন হিসেবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৌনিপা আরা নোহাকে ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার চেয়ারে বসিয়ে প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। এ সময় সে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গাছ লাগানোর পরামর্শ দেয়। ভবিষ্যতে চিকিৎসক হয়ে নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করার প্রত্যয়ও জানায় সে।
মৌনিপার পরামর্শে পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তিনটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
হোটেল-রিসোর্টে অতিথিদের পরিচয় যাচাইয়ের নির্দেশ
মৌলভীবাজার প্রতিনিধি
হোটেল, মোটেল ও রিসোর্টে অতিথিদের পরিচয় ও অবস্থানের তথ্য যথাযথভাবে সংরক্ষণের পাশাপাশি অপরাধী চক্রের সদস্যদের অবস্থান ঠেকাতে মালিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। কোনো নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ব্যক্তি যেন এসব প্রতিষ্ঠানে আশ্রয় নিতে না পারে, সে বিষয়েও নজরদারি বাড়াতে বলেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, পর্যটনসমৃদ্ধ মৌলভীবাজারে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অবস্থান নিশ্চিত করা সবার দায়িত্ব। এ জন্য হোটেল ও রিসোর্টে অতিথিদের সঠিক তথ্য সংরক্ষণ, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা এবং সরকারি বিধিমালা মেনে চলা জরুরি।
জেলা প্রশাসক আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন খাতের সুনাম ধরে রাখতে প্রশাসন ও হোটেল-রিসোর্ট মালিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়াসহ জেলার সব উপজেলার হোটেল-রিসোর্টে অতিথিদের পরিচয় ও অবস্থানের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। অপরাধী চক্রের সদস্য কিংবা নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত কেউ যাতে এসব প্রতিষ্ঠানে অবস্থানের সুযোগ না পায়, সে জন্য মালিকদের প্রয়োজনীয় নজরদারি রাখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন হোটেল, মোটেল ও রিসোর্টের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















