
স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে তাঁকে পাথরের শিল দিয়ে আঘাত করার কথা আদালতে স্বীকার করেছেন হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার মামলায় আটক মমতা বেগম (২৫)। তাঁর দাবি, নির্যাতনের পাশাপাশি শিশুসন্তানকেও হত্যার হুমকি দিতেন স্বামী। শনিবার বিকেলে আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার দায় স্বীকারের পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস শনিবার বিকেলে মমতাকে হবিগঞ্জের প্রথম শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেট তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। সেখানে জবানবন্দিতে মমতা বলেন, বিয়ের পর থেকেই স্বামী মামুন মিয়া তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতন আরও বেড়ে যেত। একপর্যায়ে এসব পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তিনি স্বামীকে আঘাত করেন এবং বাড়ি ছেড়ে চলে যান।
গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জবানবন্দিতে মমতা জানান, ঘুমন্ত মামুনের মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে পাথরের শিল দিয়ে চারবার আঘাত করেন তিনি।
তবে মামুনের পরিবারের অভিযোগ, ঘটনার আগে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। তিনি ঘুমিয়ে পড়ার পর মমতা পাথরের শিল দিয়ে মাথার পেছনে ও মুখে একাধিক আঘাত করেন।
গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।
ঘটনার পর মমতা পালিয়ে যান। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ।
আহত মামুন (৩২) শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। মমতা মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্রে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মমতা আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।




















