একাত্তর ডেস্ক ::
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল মঙ্গলবার (২৪ মার্চ) ক্যামেরুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
আগামী ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। আগামী ১ এপ্রিল প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বাণিজ্য সুবিধা, ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তুলে ধরবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাণিজ্যমন্ত্রী সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম। এ সম্মেলনে সদস্য দেশগুলো বৈশ্বিক বাণিজ্য নীতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা রয়েছে।
ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা এবারের সম্মেলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
AD/একাত্তরের কথা




















