স্টাফ রিপোর্ট
প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফর উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সভায় সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, আগামী ২ মে তারেক রহমান সিলেট সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। উল্লেখ্য, এই খনন কার্যক্রমটি পূর্বে জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হয়েছিল। পাশাপাশি তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন।
সভায় প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের ভবন সাজানো, সড়ক সংস্কার, নগরীর পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের গাছপালার সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিটি খেলার জন্য আলাদা টিম গঠনের পরিকল্পনার কথাও সভায় উঠে আসে।
সভায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















