
মৌলভীবাজারের রাজনগর ও সিলেটের বালাগঞ্জ উপজেলার মধ্যে কুশিয়ারা নদীতে ফেরি চলাচল শুরুর উদ্যোগে দেখা দিয়েছে নতুন জটিলতা। দুই পাড়ে ফেরিঘাট নির্মাণের মূল কাজ প্রায় শেষ হলেও নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় আটকে গেছে পরবর্তী কার্যক্রম। এতে ফেরি চালুর অপেক্ষায় থাকা দুই পাড়ের কয়েক লাখ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, নদীর এক পাশে রাজনগর উপজেলার খেয়াঘাট বাজার এবং অন্য পাশে বালাগঞ্জ উপজেলা। দুই পাড়ে ফেরিঘাট নির্মাণে প্রায় এক বছর আগে পৃথক দুটি দরপত্রের মাধ্যমে কাজ শুরু হয়। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৭ লাখ টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি নির্ধারিত কাজ প্রায় শেষ করলেও নদীর পানির স্তর কমে যাওয়ায় আগের পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করা যাচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বর্তমানে নদীর উপরিভাগ থেকে পানির স্তর প্রায় ৩০ থেকে ৪০ ফুট নিচে নেমে গেছে।
কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, বিশেষজ্ঞ দল নদীর দুই পাড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবে। এর ভিত্তিতে প্রয়োজনীয় পদ্ধতি নির্ধারণ করে নতুন দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগের মাধ্যমে নদীর দুই পাড়ের তলদেশে বাকি কাজ সম্পন্ন করা হবে। এসব কাজ শেষ হওয়ার পর ফেরি চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে।
তবে প্রকল্পের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কুশিয়ারা নদীতে বর্ষায় পানি বাড়ে, আবার শুষ্ক মৌসুমে কমে—এটি স্বাভাবিক। পরিকল্পনার সময় নদীর পানির মৌসুমি ওঠানামা বিবেচনায় নেওয়া হলে এমন জটিলতা এড়ানো সম্ভব হতো।
নির্মাণকাজের মান নিয়েও স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, তা জানা যায়নি।
ফেরি চালু হলে রাজনগর ও বালাগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। যানবাহন পারাপারের দীর্ঘদিনের ভোগান্তি কমার আশায় ছিলেন দুই পাড়ের কয়েক লাখ মানুষ। কিন্তু কাজ প্রায় শেষ হওয়ার পরও নতুন জটিলতায় প্রকল্পের অগ্রগতি থমকে যাওয়ায় হতাশ তাঁরা। দ্রুত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কাজ শেষ করে ফেরি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামি আহমদ বলেন, ফেরি চালুর উদ্যোগ সময়মতো বাস্তবায়ন করা যায়নি। এখন পানি কমে যাওয়ার কথা বলে বিলম্ব করা হচ্ছে। ফেরি প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। কবে ফেরি চালু হবে, আর কবে সেতু নির্মাণ হবে- তা নিয়েও অনিশ্চয়তার কথা জানান তিনি।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল আমীন বলেন, নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। চলতি সপ্তাহে বিশেষজ্ঞ দল নদীর দুই পাড়ে জরিপ করে প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে দরপত্র আহ্বান করে প্রয়োজনীয় কাজ করা হবে।




















