জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
হাসপাতাল সূত্রে অভিনেতা সুজাত শিমুল জানান, বিকেল পাঁচটার পর হঠাৎ অসুস্থ বোধ করলে শামস সুমন বিষয়টি অভিনেতা শাহাদৎ হোসেন–কে জানান। পরে দ্রুত তাকে গ্রিন রোডের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, হৃদ্রোগজনিত জটিলতা (কার্ডিয়াক অ্যারেস্ট) ছিল মৃত্যুর কারণ।
একসময়ের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ শামস সুমন মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দায় সমানভাবে কাজ করেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি অভিনয়ে কিছুটা অনিয়মিত ছিলেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে স্বপ্নপূরণ, মন জানে না মনের ঠিকানা, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও’সহ আরও বেশ কয়েকটি সিনেমা। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি গণমাধ্যমেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। রেডিও ভূমির স্টেশন প্রধান এবং Channel i–এর অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় Channel i প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
AD/একাত্তরের কথা




















