Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ভাঙনে বিলীন হচ্ছে সদরগড় আতঙ্কে বাসিন্দারা

                       
                   

সুরমা ও ধোপাজান নদীর ভাঙনে ক্রমেই সংকুচিত হয়ে আসছে সুনামগঞ্জ সদর উপজেলার সদরগড় গ্রাম। একসময় যেখানে ছিল বসতবাড়ি, দোকানপাট, ফসলি জমি ও শিশু-কিশোরদের খেলার মাঠ, সেসব জায়গার অনেকটাই এখন নদীগর্ভে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বেশ কিছু বসতভিটা। শেষ আশ্রয়টুকু হারানোর শঙ্কায় দিন কাটছে গ্রামের বাসিন্দাদের।
গ্রামের বাসিন্দা আব্দুর রহমান নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমার বাড়িটা একেবারে ভাঙনের মুখে। কোন দিন ভেঙে যাবে, জানি না। সরকারের কাছে আবেদন করছি, অতি দ্রুত এর ব্যবস্থা নেওয়া হোক।’ তাঁর দাবি, প্রায় দুই বছর ধরে নদীভাঙন রোধে বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়ে আসছেন। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও যোগাযোগ করেছেন। কিন্তু এখনো কার্যকর কোনো সহায়তা পাননি।
সরেজমিনে দেখা যায়, গ্রামের নদীতীরের বিভিন্ন স্থানে ভাঙনের চিহ্ন স্পষ্ট। কোথাও পাড় ধসে গেছে, কোথাও মাটিতে তৈরি হয়েছে বড় বড় ফাটল। ভাঙনের কিনারে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে বসতঘর ও গাছপালা। গ্রামের খেলার মাঠের একাংশও নদীতে বিলীন হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ৩০ বছর ধরে সদরগড়ে নদীভাঙন চলছে। তবে গত দুই থেকে তিন বছরে এর তীব্রতা বেড়েছে। ইতোমধ্যে কয়েকটি পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র চলে গেছে। বর্তমানে আরও অনেকের বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দ্রুত স্থায়ী প্রতিরক্ষাব্যবস্থা নেওয়া না হলে পুরো গ্রামই একসময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ধোপাজান নদীর ভাঙনে তাঁদের গ্রামের অন্তত ২৫টি ঘর নদীগর্ভে চলে গেছে। এখন তাঁর নিজের বাড়িটিও ঝুঁকিতে। বাড়ির আশপাশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। নদী ধীরে ধীরে জমি গ্রাস করছে। সদরগড় রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আরেক বাসিন্দা মো. আব্দুর রহমান বলেন, সুরমা ও ধোপাজান নদীর ভাঙনে অনেকের বাড়িঘর বিলীন হয়েছে। তাঁর নিজের বাড়িটিও এখন ভাঙনের মুখে। সামনে আরও ১০ থেকে ১৫টি ঘরবাড়ি ঝুঁকিতে রয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত বালুভর্তি বস্তা কিংবা ব্লক ফেলার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নদীভাঙনের প্রভাব পড়েছে গ্রামের খেলার মাঠেও। স্থানীয় তরুণ জাকারিয়া বলেন, মাঠটিতে শিশু-কিশোর ও তরুণেরা ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করতেন। কিন্তু নদীভাঙনে এর একটি অংশ ইতোমধ্যে বিলীন হয়েছে। বাকি অংশও ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে খেলাধুলার জায়গাটুকুও হারিয়ে যাবে।
বাসিন্দা সুলেমান বলেন, কয়েক বছর ধরে ধোপাজান নদীর ভাঙনে তাঁদের ঘরবাড়ি ও আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় ভাঙন তীব্র হয়। নদীর পাড়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ডেমখালি থেকে মসজিদ পর্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে ব্লক অথবা বালুভর্তি বস্তা ফেলে প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তিনি।
আরেক বাসিন্দা মোহাম্মদ রহমান বলেন, গত দুই থেকে তিন বছরে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে এলাকা পরিদর্শন করে আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি। একসময় এখানে আট থেকে ১০টি পাকা ঘর ছিল। ভাঙনে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারগুলো অন্যত্র চলে গেছে। এভাবে ভাঙন চলতে থাকলে পুরো গ্রামই উচ্ছেদ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁর।
সুরমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফসার পারভেজ বলেন, সদরগড়ে প্রায় ৩০ বছর ধরে নদীভাঙন চলছে। সমস্যা সমাধানে জেলা প্রশাসকের কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছে গিয়েছেন। কিন্তু এখনো স্থায়ী সমাধান হয়নি। দুই থেকে তিনটি পরিবার ইতোমধ্যে ভাঙনের শিকার হয়ে এলাকা ছেড়েছে। নদীর পাড়ে আরও কয়েকটি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে সদরগড়সহ জেলার ভাঙনপ্রবণ এলাকাগুলোতে তীর প্রতিরক্ষা কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-২) ইমদাদুল হক বলেন, ধোপাজান ও সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর ভাঙনপ্রবণ এলাকায় তীর প্রতিরক্ষা কাজের জন্য ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ করা হবে।
তিনি আরও বলেন, দরপত্র আহ্বান করা সম্ভব না হলে ভাঙনপ্রবণ এলাকাগুলো নিয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির প্রক্রিয়া নেওয়া হয়েছে। ডিপিপি অনুমোদিত হলে সেখান থেকেও দরপত্রের মাধ্যমে তীর প্রতিরক্ষার কাজ বাস্তবায়ন করা হবে।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্রসঙ্গে ইমদাদুল হক বলেন, এসব কার্যক্রম পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বের মধ্যে পড়ে না। সংস্থাটি মূলত তীর প্রতিরক্ষা, বন্যা প্রতিরোধ এবং নদী-খাল খননের মতো উন্নয়নমূলক কাজ করে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টি সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর দেখভাল করতে পারে।

সর্বশেষ - লিড নিউজ