Ekattorer Kotha
বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সড়ক যেন আরেক টার্মিনাল

                       
                   

সিলেটের কদমতলী এলাকাকে বলা হয় নগরীর প্রবেশমুখ। মূল শহরে প্রবেশ করতে হলে কদমতলী হয়েই আসতে হয়। এখানে বিশ্বব্যাংকের অর্থায়নে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দেশের অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন কেন্দ্রীয় বাস টার্মিনাল। আসাম টাইপ স্থাপত্যশৈলীর সঙ্গে আধুনিক সুবিধার অপূর্ব মিলনে গড়ে ওঠা এই টার্মিনাল একসময় নজর কেড়েছিল সবার। কিন্তু দেখতে যতটা সুন্দর, ব্যবহারের বেলায় ঠিক তার উল্টো চিত্র। টার্মিনাল চালু হওয়ার পরও মূল সমস্যার সমাধান হয়নি। অধিকাংশ বাস এখনো সড়কের দুই পাশ, রেলস্টেশন প্রাঙ্গণ ও আশপাশের এলাকা দখল করে পার্কিং করা হয়। ফলে কিনব্রিজ থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা যেন স্থায়ী বাস টার্মিনালে পরিণত হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজট, পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ এবং দুর্ঘটনার ঝুঁকি এখনো নিত্যদিনের বাস্তবতা।
সরেজমিনে দেখা যায়, কিনব্রিজের দক্ষিণপাড় থেকে কদমতলী পয়েন্ট পর্যন্ত সড়কের দুই পাশে একাধিক সারিতে বাস দাঁড়িয়ে আছে। কখনো কখনো এ সারি কদমতলী পয়েন্ট ছাড়িয়ে হুমায়ুন রশীদ চত্ত্বর পর্যন্ত বিস্তৃত হয়। ঢাকা-সিলেট রুটের অভিজাত কোচ থেকে শুরু করে লোকাল মিনিবাস, রাস্তা দখল করে রেখেছে সব ধরনের গাড়ি। যেখানে সড়ক একটু চওড়া, সেখানে পাশাপাশি দুই সারিতেও বাস পার্কিং করা হয় বাস। ফলে সংকুচিত হয়ে পড়ে রাস্তা। রিকশা, সিএনজি, প্রাইভেট কারের পাশাপাশি ভারী বাস ও ট্রাক চলাচল করে একই সরু পথে। ফলে রীতিমতো জীবনঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। কদমতলীস্থ সিলেট বাস টার্মিনাল সংলগ্ন সিলেট রেল স্টেশনের সংযোগ সড়ক এবং স্টেশনের ভেতরের খালি জায়গায়ও সারিবদ্ধভাবে রাখা দূরপাল্লার বাস ও স্লিপার কোচ। এ ছাড়া অবৈধ সিএনজি স্ট্যান্ড, মাইক্রোবাস স্ট্যান্ড এবং রাস্তার পাশে গড়ে ওঠা ওয়ার্কশপ কদমতলী এলাকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অবৈধভাবে পার্কিংয়ের ফলে ছোট ছোট রাস্তা বন্ধ হয়ে যায়। একদিক থেকে গাড়ি এলে অন্যদিক দিয়ে যেতে পারে না। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত যানজট এখানকার স্বাভাবিক চিত্র।
কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, হবিগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে শত শত বাস ছেড়ে যায়। সিলেট বিভাগের ৩ জেলা ও বিভিন্ন উপজেলার কোচ ও মিনিবাসও এখান থেকেই চলাচল করে। কিন্তু টার্মিনালের ধারণক্ষমতা মাত্র ২৫০ থেকে ৩০০টি বাসের। অথচ কদমতলী এলাকায় মোট বাসের সংখ্যা  ১২ শতাধিক বেশি। এর মধ্যে শুধু ঢাকা-সিলেট রুটেই প্রতিদিন ২৫০টির বেশি বাস চলাচল করে। লোকাল রুটের বাস আরও বেশি। ফলে টার্মিনালের ভেতরে জায়গা না পেয়ে বাকি বাসগুলো আগের মতোই সড়কে রাখা হচ্ছে। টার্মিনালের ভেতরে গিয়ে দেখা যায়, বিশাল চত্বর অনেকটাই খালি পড়ে আছে। বিভিন্ন লেনে কিছু গাড়ি থাকলেও অধিকাংশই বাইরে জড়ো করা।
পুরনো টার্মিনালে যাত্রীদের বসার জায়গা ও টয়লেটের ব্যবস্থা ছিল না। পুরো এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখা হতো। এ অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভর্নমেন্ট সার্ভিস প্রজেক্ট (এমজিএসপি)-এর আওতায় ২০১৯ সালে শুরু হয় কেন্দ্রীয় বাস টার্মিনালের আধুনিকায়ন কাজ। প্রায় আট একর জমিতে প্রায় ৬১ কোটি টাকা ব্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। মূল প্রকল্পের বাজেট ছিলো প্রায় ১১৭ কোটি টাকা। এর মধ্যে লালমাটিয়াস্থ ডাম্পিং গ্রাউন্ডের জন্য বরাদ্দ ছিল ৫৬ কোটি এবং সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের অবকাঠামো উন্নয়নে ৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়। নতুন টার্মিনালে যাত্রীদের জন্য বিশ্রামকক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর কক্ষ, টয়লেট, বিশুদ্ধ পানি, মেডিক্যাল সেন্টার, আলাদা পার্কিং জোন এবং প্রবেশ-প্রস্থানের পৃথক রাস্তা রাখা হয়। আসাম টাইপ স্থাপত্যশৈলীর সঙ্গে আধুনিক নকশার সমন্বয় ঘটিয়ে এটিকে দেশের অন্যতম দৃষ্টিনন্দন বাস টার্মিনাল হিসেবে গড়ে তোলা হয়। মূল পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় মেয়াদ বারবার বাড়ানো হয়। নির্মাণকালে টার্মিনালের ভেতরে গাড়ি রাখার সুযোগ না থাকায় সব বাস সড়কেই পার্কিং করা হতো। কদমতলী থেকে কিনব্রিজ হয়ে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত সড়ক, বিপণিবিতানের সামনে, রেলস্টেশনের খোলা অংশ- সব জায়গায় শত শত বাস দাঁড়িয়ে থাকত। তিন বছরেরও বেশি সময় ধরে এই অবস্থা চলে। ওই সময় যাত্রী, চালক ও স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাতেন। অনেক সময় এক ঘণ্টার পথে তিন ঘণ্টাও লেগে যেত।
বর্তমান বেহাল চিত্র: ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারির দিকে পরীক্ষামূলকভাবে চালু হয় নতুন টার্মিনাল। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও স্বাভাবিক কার্যক্রম শুরু হয় এবং ইজারাও দেওয়া হয়। কিন্তু বাস্তবতা বদলায়নি। যেই লাউ সেই কদুই রয়ে গেছে।  তদারকির অভাবে এখন নষ্ট হওয়ার পথে আভ্যন্তরীণ ব্যবস্থা। সরেজমিনে দেখা যায়, টার্মিনালের ভেতরের দামি চেয়ারগুলোতে জং ধরেছে, দেয়ালের রঙ ও পলেস্তারা খসে পড়ছে। গোলাকার পাঁচতলা ওয়াচ টাওয়ারটি ভূতের বাড়ির মতো নির্জন ও তালাবদ্ধ হয়ে আছে। ভিআইপি কক্ষ ও নামাজঘরে মাকড়সার জাল পড়েছে। কাঁচঘেরা দেয়ালে পরিবহন নেতাদের নির্বাচনী লিফলেট সেঁটে রাখা হয়েছে। বসার আসনগুলো অপরিচ্ছন্ন ও ভাঙাচোরা, কোথাও বেঞ্চ ভেঙে পড়ে আছে আবার কোথাও চেয়ার উধাও। টয়লেটগুলো অস্বাস্থ্যকর, সার্ভিস কার্যালয়গুলো তালাবদ্ধ, প্রবেশদ্বারের কাঁচের দরজা-জানালা নেই এবং পুরো ভবনজুড়ে ঝুলছে শ্রমিক সংগঠনের নির্বাচনী ব্যানার-স্টিকার। যাত্রী চলাচল প্রায় নেই বললেই চলে, সারাদিন ফাঁকা পড়ে থাকে এই আধুনিক স্থাপনা। অথচ টার্মিনালের বাইরে রাস্তার পাশের পুরোনো কাউন্টারগুলোতে এখনো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। টার্মিনালের ভেতরে কেবল সিলেট বিভাগের তিন জেলার কয়েকটি উপজেলায় যাওয়ার বাস কাউন্টার রয়েছে। স্থানীয়রা বলছেন, টার্মিনাল হলে সব বাস ভেতরে থাকবে- এমন আশায় যুগ পার হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
কথা হয় স্থানীয় স্কুল শিক্ষক শাহীন আহমদের সাথে। তিনি অভিযোগ করে বলেন, ‘কদমতলী পয়েন্ট থেকে শুরু করে কীন ব্রিজ পর্যন্ত এলাকার তীব্র যানজটের মূল কারণ রাস্তার দু ধারে দাঁড়িয়ে থাকা বাস। টার্মিনাল বানানোর পরেও সব বাস বাইরে, তাহলে এই টার্মিনাল বানিয়ে লাভ কি হলো? আমাদের তো এখনো ঝুঁকি নিয়েই এ পথে চলাচল করতে হচ্ছে।
সোমবার ঢাকাগামী যাত্রী সুহেল আহমদ আক্ষেপ প্রকাশ করে বলেন, আমি আম্বরখানা থেকে রাইড শেয়ারিং বাইকে করে কীন ব্রিজ হয়ে কদমতলী আসছিলাম। কিন্তু তীব্র যানজটের কারণে কীন ব্রিজের উপরেই নামতে হয়েছে। সেখান থেকে হেটে হেটে কদমতলী এসেছি। একে তো রাস্তার দু ধারে বাসের সারি, তার উপর ঝালোপাড়া হয়ে কদমতলী পয়েন্টে যাওয়ার রাস্তায় বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞার কারণে এদিকটায় যানজট বেড়েছে।
তিনি আরো বলেন, সম্ভবত গেল বছর সরকারের কোনো এক উপদেষ্টার আগমণ উপলক্ষে ধুয়ে মুছে চকচকে করা হয়েছিলো বাস টার্মিনালের অভ্যন্তর। কিন্তু প্রকৃতপক্ষে ভেতরে ফিটফাট করা হলেও, বাইরের দিকটা যেন ‘সদরঘাট’ই রয়ে গেছে।
সিলেট নগরের বিভিন্ন সড়কে প্রায় সময়ে যানজট সৃষ্টি হলে তা দূর করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালন করতে দেখা যায় সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে। তিনি একাত্তরের কথা’কে বলেন, প্রতিদিনই গাড়ি বাড়ছে। রুট বাড়ছে। কিন্তু গাড়ি রাখার জায়গা বাড়ছেনা। টার্মিনালে গাড়ি সংকুলান হচ্ছেনা। যার ফলে নতুন আধুনিক টার্মিনালের ভেতরে গাড়ি ঢুকতেই পারেনা। পুরো টার্মিনালই সব সময় গাড়িতে পূর্ণ  থাকে। সময়ের চাহিদায় টার্মিনালের পরিধি বাড়ানোর দাবী এই শ্রমিক নেতার।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় একাত্তরের কথাকে বলেন, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের আশেপাশের সবক’টি সড়ক মেরামতের কাজ চলছে। একদিকে চন্ডিপুল, অপরদিকে শাহজালাল সেতু, সবখানের চাপ গিয়ে এক জায়গায় পড়ছে। ফলে টার্মিনাল সড়কের যানজট বাড়ছে। যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার কথা স্বীকার করে তিনি বলেন, বিআরটিএ মাঝেমধ্যে অভিযান চালায়। পুলিশ তো সবসময় বিআরটিএ’র সহযোগিতায় পাশে থাকে। তারা সবসময় ম্যাজিস্ট্রেটসহ মাঠে থাকলে এমন পরিস্থিতি হতো না। তিনি আশা প্রকাশ করে বলেন, সড়ক ও সেতুর কাজ শেষ হলে আমরাও এ ব্যাপারে পদক্ষেপ নেব।
এদিকে নগর ভবনের একাধিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সঙ্গে এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হলে তাদের কেউই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে একদিনেই ৬১ হাজার টন ডিজেল, সিঙ্গাপুর থেকে এলো প্রথম চালান

সিলেটের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্বকাপের টিকিটে আগুন: সাধারণ দর্শকের নাগালের বাইরে দাম

সিলেটে ১৮০ জনকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চাই: জামায়াত আমির

বৃটেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের তলব করেছে রাশিয়া

সিলেটে ২৬৩ ছিনতাইকারী শনাক্ত, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫১

ছিনতাইকারী-চাঁদাবাজদের তথ্য দিলে পুরস্কার দেবে এসএমপি

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে