
দক্ষিণ সুরমায় একটি মিনি কাভার্ড ভ্যান থেকে ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার তেলীবাজার পয়েন্টসংলগ্ন মা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে এসব পণ্য জব্দ করা হয়। মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অমিত সাহার নেতৃত্বে একটি দল সোমবার সকালে ঢাকা মেট্রো-ন-২২-১২৩০ নম্বরের মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও খাদ্যসামগ্রীর ৩২২ কার্টন উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ডার্ক ফ্যান্টাসি চকো ফিলস বিস্কুট, রয়্যাল বোরবন চকোলেটি ইনডালজেন্স, ওরিও স্যান্ডউইচ বিস্কুট ও সোন পাপড়ি।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের জালালাবাদ থানার ইনাতাবাদ মাথারবাড়ি এলাকার ইমন আহমদ (২৬) এবং পাবনার চাটমোহর থানার জক্তলা নতুনপাড়া এলাকার মো. মুন্নাফ হোসেন (২৪)।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে। আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।



















