
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দীর্ঘ ত্যাগ, কারাবরণ ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিম হোসাইন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমান সারা দেশে বিএনপিকে সুসংগঠিত করেছেন। দীর্ঘ প্রবাসজীবনের প্রতিকূলতা পেরিয়ে দেশে ফিরে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন তিনি।
সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড, মা ও শিশুর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, কৃষকদের ন্যায্য অধিকার ও কৃষি উপকরণে সহায়তা এবং তরুণদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, শিল্প ও বাণিজ্যের প্রসার, রপ্তানি বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মহানগর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভা পরিচালনাকালে সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সিলেট মহানগর বিএনপি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকবে।
সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংখী। এ ছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, আফজাল উদ্দিন ও রহিম মল্লিক; যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, মতিউল বারী খুর্শেদ, ফাতেমা জামান রোজি ও আবুল কালাম; সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিকসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




















