Ekattorer Kotha
বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জুমি হত্যা ঘাতক এখনো অধরা, ৮ দিনেও কাটেনি রহস্য

                       
                   

মৌলভীবাজারের জুড়ীতে বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী জুমি আক্তার (২১) হত্যার ঘটনায় ৮ দিন পেরিয়ে গেলেও, এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। এদিকে ধর্ষণের অভিযোগ উঠলেও ময়নাতদন্তের প্রতিবেদন না আসায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
জুমি উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম আমতৈল (খালেরমুখ নয়াবাজার) এলাকার রিকশাচালক ডালিম মিয়া ও নার্গিস বেগম দম্পতির বড় মেয়ে। জন্ম থেকেই বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী জুমি সাধারণত বাড়িতেই থাকতেন। পরিবারের সদস্যদের অগোচরে খুব একটা বাইরে যেতেন না তিনি।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত ৩ নভেম্বর সন্ধ্যায় সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তার একটি কালভার্টের ওপর ঘোরাফেরা করছিলেন জুমি। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে থানায় যান স্বজনেরা। তাঁদের অভিযোগ, তখন পুলিশ ২৪ ঘণ্টা অপেক্ষা করতে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিতে বলে।
পরিবারের সদস্যরা জানান, সারা রাত খোঁজাখুঁজির পরও জুমির সন্ধান না পেয়ে পরদিন সকালে এলাকায় মাইকিং করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে খবর আসে, তাঁদের বাড়ির কাছেই মতিন হাজীর বাড়ির ভেতরে একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে তাঁরা জুমির মরদেহ শনাক্ত করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, জুমির গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরনের সালোয়ারের ফিতা খোলা অবস্থায় পাওয়া যায়। গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগও ছিল। এসব দেখে তাঁদের ধারণা, ধর্ষণের পর জুমিকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসায় ধর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
ঘটনার পর থেকে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের পরও অপরাধীরা শনাক্ত না হওয়ায় তাঁরা উদ্বিগ্ন। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালিক বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ করছে। প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন মাধ্যমে তদন্ত চলছে।

সর্বশেষ - লিড নিউজ