
সিলেটের বাইশটিলায় অবস্থিত জেলা পরিষদ ন্যাচারাল পার্ককে আধুনিক, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করবে সিলেট জেলা পরিষদ। এ লক্ষ্যে জেলা পরিষদ ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), ঢাকার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। জেলা পরিষদের পক্ষে এতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সন্দ্বিপ কুমার সিংহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
অনুষ্ঠানে জানানো হয়, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দেশের স্থপতিদের কাছ থেকে বাইশটিলা ন্যাচারাল পার্কের মাস্টারপ্ল্যান ও পরিবেশবান্ধব স্থাপত্য নকশা আহ্বান করা হবে। জুরি বোর্ডের মাধ্যমে নির্বাচিত নকশার জন্য প্রথম পুরস্কার হিসেবে পাঁচ লাখ, দ্বিতীয় পুরস্কার তিন লাখ এবং তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিশেষভাবে নির্বাচিত আরও তিনজনকে এক লাখ টাকা করে দেওয়া হবে। সব মিলিয়ে পুরস্কারের পরিমাণ ১৩ লাখ টাকা। প্রতিযোগিতার মাধ্যমে পার্কটির প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করে একটি মানসম্মত পর্যটনকেন্দ্র গড়ে তোলার উপযোগী পরিকল্পনা পাওয়া যাবে বলে আশা করছে জেলা পরিষদ।
অনুষ্ঠানে আইএবির ভাইস প্রেসিডেন্ট (আন্তর্জাতিক বিষয়ক) স্থপতি মাহফুজুল হক জাগলুল, ভাইস প্রেসিডেন্ট (জাতীয় বিষয়ক) স্থপতি নওয়াজিশ মাহবুব, সাধারণ সম্পাদক স্থপতি ডা. মাসুদ উর রশিদ, কোষাধ্যক্ষ স্থপতি চৌধুরী সাইদুজ্জামান, সচিব (উন্নয়ন) স্থপতি এম ওয়াহিদ আসিফ, প্রতিযোগিতার পরিচালক স্থপতি অভিজিৎ মজুমদার এবং উপপরিচালক স্থপতি ইমরুল ইসলাম দুররানী উপস্থিত ছিলেন। জেলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, উপসহকারী প্রকৌশলী সূর্য সেন রায় ও প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ।




















