
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীর ইজারাকৃত এলাকা থেকে বালু উত্তোলনে বিজিবির বাধা দেওয়ার অভিযোগ করেছেন ইজারাদার। এতে কাজ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন নদীকেন্দ্রিক শ্রমিক ও ব্যবসায়ীরা। ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স জিনান এন্টারপ্রাইজের দাবি, ২০২৪ সাল থেকেই ইজারাকৃত এলাকার সীমানা নির্ধারণ করা রয়েছে। এরপরও নো ম্যানস ল্যান্ডের বাইরের নির্ধারিত অংশ থেকেও বালু উত্তোলন করতে দেওয়া হচ্ছে না। ফলে বৈধ ইজারা থাকা সত্ত্বেও কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বারকি শ্রমিকসহ সংশ্লিষ্ট অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন।
সরেজমিনে জানা গেছে, উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনালী চেলা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীকেন্দ্রিক শ্রমজীবী ও ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন। স্থানীয় শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসন ও বিজিবির সমন্বয়ে দ্রুত সমস্যার সমাধান এবং নির্ধারিত সীমানার মধ্যে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ সময় সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, সোনালীচেলা সমবায় সমিতির সভাপতি জয়নাল মিয়া, আবু ছিদ্দিক, মো. খুকন মিয়া, মছন্দর আলী, হামিদুল হক অপি ও নিজাম উদ্দিনসহ স্থানীয় শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সোনালীচেলা বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার শরিফ বলেন, সীমানা নির্ধারণ করে বৈধভাবে ইজারাদাররা বালু উত্তোলন করলে তাঁদের কোনো বাধা নেই। তবে সীমান্ত পিলার থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখতে হবে। এ বিষয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদুল ইসলামের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নদীর সীমানা আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরও ইজারাদার বালু উত্তোলন করতে না পারার দায় তাদের নিজস্ব ব্যর্থতা। বিজিবি কেন বাধা দিচ্ছে, তা তাঁর জানা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্তে বিজিবি মোড়ল সেজে বসে আছে। তাদের কথা বলে লাভ নেই।’




















