Ekattorer Kotha
রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শহীদ জিয়া ছিলেন মুক্তির আলোকবর্তিকা: মিফতাহ

                       
                   

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান দেশের মানুষকে সাহস, প্রেরণা ও মুক্তির পথ দেখিয়েছেন। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত আলোচনা সভা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ সিদ্দিকী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্র ও অনিশ্চয়তার পরিস্থিতি থেকে মুক্ত হয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসেন। দিনটি জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের চেতনা বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ এ দেশের মানুষের আত্মপরিচয়, স্বাধীন সত্তা, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের দর্শন। এর মূল শক্তি বাংলাদেশকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া। জিয়া পরিবারের ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের ইতিহাস দেশের গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক এবং সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মইনুল ইসলাম ও লুৎফুর রহমান, সাবেক ছাত্রনেতা রওশন তালুকদার, কবি শান্তা কামালী, কবি কাওসার আরা বিথী, কবি নিশাত ফাতেমা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম আহমদ সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল আহমদ ও কাওসার আহমদ রকি, লেখক ও সাংবাদিক আমির হোসেন সোহাগ, কবি সুয়েজ হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক প্রিয়দর্শন দত্ত পাভেল, আরিফ হোসেন জাকির ও রিপন মিয়া, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, কবি জালাল এবং সাংবাদিক রেজওয়ান আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ। আলোচনা শেষে জিয়াউর রহমানের জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও দেশ গঠনে অবদান নিয়ে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকীসহ আমন্ত্রিত অতিথিরা।

সর্বশেষ - লিড নিউজ