বিনোদন ডেস্ক : :
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে বহুল আলোচিত সিনেমা Masud Rana। জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন-এর কালজয়ী গোয়েন্দা চরিত্রকে ঘিরে নির্মিত এই ছবিটি আগামী কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান Jaaz Multimedia জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার।
২০২০ সালে মাসুদ রানা সিরিজ নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজ। এর মধ্যে MR-9: Do or Die ইতোমধ্যে মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ নানা কারণে দীর্ঘদিন আটকে ছিল। প্রযোজক আব্দুল আজিজ জানান, অনুমোদিত চিত্রনাট্যের ভিত্তিতে বড় বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে এবং নির্মাণশৈলীতে কোনো ঘাটতি রাখা হয়নি।
জানা গেছে, ছবিটির অধিকাংশ শুটিং পাঁচ বছর আগেই শেষ হয়েছিল। বর্তমানে মাত্র এক দিনের শুটিং বাকি রয়েছে, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষায় রয়েছে প্রযোজনা সংস্থা। সম্পাদনা ও ডাবিংসহ বাকি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সিনেমাটিতে গোয়েন্দা মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা এবং তার বিপরীতে সোহানা চরিত্রে থাকছেন পূজা চেরি। এছাড়া অবনিতা চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।
দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে মুক্তির পথে ‘মাসুদ রানা’ ঘিরে দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এখন দেখার বিষয়, বড় পর্দায় এসে কতটা সাড়া ফেলতে পারে এই প্রতীক্ষিত সিনেমাটি।
AD/একাত্তরের কথা




















