
বালাগঞ্জ প্রতিনিধি::
সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৪০ ফুট নিচে হাওরের পানিতে পড়ে সাইফুর রহমান আলিম (২২) নামে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বির্ত্তনীয়া গ্রাম এলাকায় সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান আলিম বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। আহতরা হলেন একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিন বন্ধু এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বির্তনীয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়ক থেকে প্রায় ৪০ ফুট নিচে হাওরের পানিতে পড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কের পাশে থাকা ঢালাই করা ব্লকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই সাইফুরের মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে আহত ওয়ছে আহমদ তাঁদের বাড়িতে গিয়ে ঘুম থেকে ডেকে দুর্ঘটনার কথা জানান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাইফুরের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এরপর তিনজনকে উদ্ধার করে গাড়িযোগে সিলেট শহরে নেওয়া হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান আলিমকে মৃত ঘোষণা করেন। আহত ওয়ছে আহমদ ও রাফি আহমদকে সিলেট নগরীর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, সাইফুরের ইউরোপে যাওয়ার প্রক্রিয়া চলছিল। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকালে তিনি থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেন।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তদফদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




















