একাত্তর ডেস্ক
বর্তমান সরকার শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে চলা সম্পর্কের ধারা পুরোপুরি বদলে ফেলে দুই দেশের মধ্যে একটি নতুন অধ্যায় শুরু করতে চায়।
সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের এ কথা জানান।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনার সময় যে ধরনের সম্পর্ক ছিল, সেটি আর অব্যাহত রাখা হবে না। সেই পুরনো অধ্যায় এখন শেষ হয়েছে। বর্তমান সরকার ভারতের সঙ্গে সম্পূর্ণ নতুন ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্ব পেয়েছে। হুমায়ুন কবির উল্লেখ করেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। পাইপলাইন প্রকল্পটি এগিয়ে নেওয়ার ব্যাপারে সরকার আশাবাদী।
এদিকে, আসন্ন ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভারত সফরে যাচ্ছেন।
সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। উপদেষ্টা জানান, এই সফরে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো, বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ এবং অন্যান্য অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হবে।



















