Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে

                       
                   

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা করছেন তাঁরা।
বৃহস্পতিবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ জরুরি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ এ অঞ্চলে একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ইঞ্জিনিয়ারিং কলেজটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলে প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।
কলেজ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকারের সময় দেশে চারটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন সিলেটে এ ধরনের প্রতিষ্ঠান না থাকায় তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এখানে একটি ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের নির্দেশনা দেন। পরে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। নানা সীমাবদ্ধতা পেরিয়ে প্রতিষ্ঠানটি এখন পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে গড়ে উঠেছে।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া সম্পর্কে সিসিক প্রশাসক বলেন, এ জন্য প্রশাসনিক ও আইনগত ধাপ অতিক্রম করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পাশাপাশি সংসদে আইন পাসের বিষয় রয়েছে। একই সঙ্গে শিক্ষকদের পদমর্যাদা, চাকরির কাঠামো ও সুযোগ-সুবিধা এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে বর্তমান শিক্ষকরা কোনো জটিলতায় না পড়েন।
কলেজের যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। জানান, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কটিতে স্ট্রিট লাইট স্থাপনের বিষয়টি বিবেচনায় রয়েছে। শুক্রবার সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সিটি কর্পোরেশন কাজ করবে।
তিনি আশা প্রকাশ করেন, এ কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভবিষ্যতে সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে সভায় সহকারী অধ্যাপক মাসুদুর রহমান সঞ্চালনা করেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবু নাসের মজুমদার।
পরে কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিসিক প্রশাসক।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত