একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জের দেখার হাওরের উজাউনি অংশে ভেঙে যাওয়া একটি বাঁধ স্থানীয় কৃষকদের দ্রুত উদ্যোগে মেরামত করা হয়েছে। এতে প্রায় ২৪ হাজার হেক্টর জমির বোরো ধান বড় ধরনের পানির ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
গতকাল সকালে হাওরের মেলানি অংশে উজাউনি বাঁধটি হঠাৎ ভেঙে গেলে হাওরে পানি ঢুকতে শুরু করে। বিষয়টি জানাজানি হওয়ার পর কয়েক হাজার কৃষক দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশের আড় বাঁধা ও বস্তাভর্তি মাটি ফেলে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় বাঁধটি পুনরায় মেরামত করা হয়। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার টানা কাজের পর পানি প্রবেশ নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।
দেখার হাওড়ে সদর, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কৃষকরা বোরো ধান আবাদ করেন। জেলার অন্যতম বৃহৎ এই হাওড়ে এবার বিপুল পরিমাণ জমিতে ধান চাষ হয়েছে।
নীলপুর গ্রামের কৃষক আশরাফ উদ্দিন বলেন, “সকালে খবর পাই বাঁধ ভেঙে হাওড়ে পানি ঢুকছে। খবর পাওয়া মাত্রই আশপাশের গ্রামের কৃষকরা ছুটে এসে বাঁশ দিয়ে আড় বেঁধে বস্তা ফেলে বাঁধ মেরামত করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আমরা বাঁধটি রক্ষা করতে সক্ষম হই।”
তিনি আরও বলেন, হাওড়ে ইতোমধ্যে বৃষ্টির পানি জমে ছিল। বাঁধটি বন্ধ না করা গেলে পুরো বোরো ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বছরের একমাত্র ফসল রক্ষা করা সম্ভব হয়েছে।
স্থানীয় কৃষকদের এই উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




















