শান্তিগঞ্জ প্রতিনিধি:
সারা দেশের মতো সুনামগঞ্জেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (GST) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্র শান্তিগঞ্জে অবস্থিত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, আব্দুল মজিদ কলেজ, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসা এবং সুনামগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে দুই পর্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৬৮৫ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৪৫ জন, এবং উপস্থিতির হার ছিল ৬৩.৫৮ শতাংশ।
বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের (স্থাপত্য) পরীক্ষায় ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন অংশ নেন, অনুপস্থিত ছিলেন ৪৬ জন। এ পর্বে উপস্থিতির হার ছিল ৩৭.৮৩ শতাংশ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০।
AD/একাত্তরের কথা




















