
সিলেট বিভাগে হামের সংক্রমণ ও শিশুমৃত্যু অব্যাহত রয়েছে। এবার হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আট মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। তবে এদের মধ্যে ১০ জনের মৃত্যু হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশুর নাম সাইফ আহমেদ। সে কোম্পানীগঞ্জ উপজেলার হাফিজ আলীর ছেলে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় মৃতের সংখ্যা ৮৪ জন। এছাড়া সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৭ জনে। জেলাভিত্তিক শনাক্তের হিসাবে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২২০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে আক্রান্ত মোট ৫১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ক্রমাগত সংক্রমণ, নতুন রোগী শনাক্ত এবং শিশুমৃত্যুর ঘটনায় সিলেট বিভাগের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের বিস্তার ও মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও চিন্তার কারণ করে তুলেছে।




















