
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় জিরা, সার্জিক্যাল সামগ্রী, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজেন লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ির টায়ার-টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, প্রসাধনী সামগ্রী, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, ট্যাটু মেশিন ও জিপিএস ট্র্যাকারসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















