Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শেওলা পয়েন্টে বাস উল্টে খাদে, আহত ৮

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্ট এলাকায় যাত্রীবাহী লুৎফা পরিবহন-২ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নারী ও শিশুসহ অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে কদমতলী বাস টার্মিনাল থেকে জুড়ী উপজেলার উদ্দেশে যাত্রা করা বাসটি শেওলা পয়েন্ট গোল্ডেন সেন্টার সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ একটি মোড়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন এবং চিৎকার-চেঁচামেচি শুরু হয়।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটির সামনের ও পেছনের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে নারী ও শিশুসহ প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ৭ থেকে ৮ জন আহত হন।

বিয়ানীবাজার থানার এসআই মো. নুর উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে চালকের গাফিলতি ও সম্ভবত ব্রেক ফেইলুরের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালক ও হেল্পারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনার কারণ বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ - লিড নিউজ