
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরকারি খাসজমিতে গড়ে ওঠা পোল্ট্রি ফার্মের স্থাপনা সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা ভূমি প্রশাসন। তবে মানবিক বিবেচনায় ফার্মে থাকা ডিমপাড়া মুরগিগুলো সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থাপনার টিন ও অন্যান্য মালামাল এক দিনের মধ্যে নিজ খরচে সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার জিনারী মৌজার এসএ ৯৮ নম্বর খতিয়ানের ৫৭২ নম্বর দাগের ৪ দশমিক ৮০ একর জমি সরকারি খাসজমি হিসেবে আরএস রেকর্ডভুক্ত। ওই জমিতে পুকুর খনন ও পোল্ট্রি ফার্ম নির্মাণ করে ভোগদখলে থাকার অভিযোগে মো. আতাউর রহমানের বিরুদ্ধে সরেজমিন তদন্ত করে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদের সুপারিশে মানবিক বিবেচনায় ফার্মের জীবিত মুরগিগুলো সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি এক দিনের মধ্যে ঘরের টিনসহ অন্যান্য মালামাল নিজেদের খরচে সরিয়ে নেওয়ার দায়িত্ব নেন সংশ্লিষ্টরা।
সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম বলেন, খাস খতিয়ানভুক্ত জমি সরকারের দখলে নেওয়া হয়েছে। পোল্ট্রি ফার্মের স্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের খরচে দ্রুত সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। এ সময় স্থাপনা থেকে জীবিত ডিমপাড়া মুরগি সরিয়ে নেওয়ার পর স্থাপনাটি সিলগালা করে দেওয়া হয়েছে। স্থাপনা সরানোর জন্য তাঁদের চাওয়া সময়ও দেওয়া হয়েছে।
সরকারি খাসজমি উদ্ধারের উদ্যোগের পাশাপাশি মুরগি সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি প্রশংসিত হয়েছে।




















