Ekattorer Kotha
রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

বাংলাদেশ দলের কোচ সিমন্সকে নিয়ে কী বলতে চাইলেন তামিম

                       
                   

কিছু পুরোনো কথা নতুন করে বললেন। কিছু বললেন সম্ভাবনার কথা এবং কিছু কথায় দিলেন আভাস। সব মিলিয়ে মিরপুরে আজকের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল যা বললেন, তাতে ‘ঘটমান বর্তমান’ জাতীয় তেমন কিছু না থাকলেও আছে সম্ভাবনার বীজ।
তামিম সম্প্রতি ফিরেছেন ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায় অংশ নিয়ে। এ রকম সভা থেকে ফেরার পর বোর্ড সভাপতিদের দেওয়া আভাস সাধারণত ভবিষ্যতে বড় খবর হয়। আবার সংবাদ সম্মেলনের শেষ দিকে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সকে নিয়ে কিছু না বলেও বাতাসে যে গুঞ্জন ছড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতে অর্থবহ হয়ে উঠতে পারে সেটিও।
প্রশ্নটা ছিল, জাতীয় দলের কোচ হিসেবে ফিল সিমন্সের পারফরম্যান্স তিনি কীভাবে মূল্যায়ন করবেন? সরাসরি কিছু না বললেও তামিম যেন উত্তরে কিছু বলতেই চাইলেন, ‘যেহেতু একটা সিরিজে চলছে…আমার নিজস্ব মতামত নিশ্চয়ই আছে, আমি নিশ্চিত সামনে আপনারা অনেক কিছুই দেখবেন। এই মুহূর্তে একটা সিরিজ চলছে, আমাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বাংলাদেশ দল আরেকটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, এরপর ওয়ানডে এবং টিুটুয়েন্টি খেলবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানবেন…।’
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে বাংলাদেশ দলের ক্যারিবিয়ান কোচ সিমন্সের। কিন্তু তামিমের কথায় কী যেন আছে, যেটি কোচের ভবিষ্যৎটাকে ঠিক নিষ্কণ্টক দেখাচ্ছে না। তবে বোর্ড সভাপতি যেহেতু ঝেড়ে কাশেননি, এ নিয়ে আগাম অনুমান করা কঠিন এবং কিছুটা ঝুঁকিপূর্ণও।
আইসিসির সভায় হওয়া একটা সিদ্ধান্ত এরই মধ্যে সবার জানা। ২০২৮ যুক্তরাষ্ট্র অলিম্পিকের ক্রিকেট ইভেন্টের ছেলেদের বাছাইপর্ব হবে বাংলাদেশে। আট দেশের টুর্নামেন্ট থেকে একটি দল ষষ্ঠ দল হিসেবে অলিম্পিকে যাবে। খবরটি আরেকবার দিয়ে তামিম জানিয়েছেন, টুর্নামেন্টের খেলাগুলো ঢাকায় হওয়ার সম্ভাবনাই বেশি। দেশে এ রকম একটি টুর্নামেন্ট আনতে পারার তৃপ্তিটাও প্রকাশ করেছেন আরেকবার, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অর্জন। আমাদের দেশও যেহেতু খেলবে, আশা করি তারা ঘরের মাঠের সুবিধা পাবে।’
বিসিবি সভাপতি সম্ভাবনার কথা যেগুলো বলেছেন, তার মধ্যে অন্যতম ২০৩১ বিশ্বকাপ ক্রিকেটের একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজন। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। তামিম জানিয়েছেন, বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ বিসিবি বাংলাদেশে আয়োজনের চেষ্টা করছে। তাঁর বিশ্বাস, তাঁরা এতে সফল হবেন। এ ছাড়া গ্রুপ পর্যায়ের ম্যাচও হবে আগের চেয়ে বেশি।
আগামী বছর বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে বিসিবি ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে, এমন খবর বেরিয়েছে আগেই। আজ এক প্রশ্নের জবাবে বিষয়টি আরেকটু পরিষ্কার করে তামিম বলেছেন, ‘বিশ্বকাপের আগে নয়, আমরা প্রস্তাব দিয়েছি এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের।’ বিসিবির প্রস্তাবে পাকিস্তান, শ্রীলঙ্কা দুই বোর্ডই ইতিবাচক মনোভাব দেখালেও তামিম জানিয়েছেন, সিরিজের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ ছাড়া সামনে সাদা বলের ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এক প্রশ্নের জবাবেও আশাবাদী মনোভাব দেখিয়ে তামিম জানিয়েছেন, অনেক রকম আলোচনাই চলছে অনেকের সঙ্গে। সেগুলো এখনও চূড়ান্ত না হলেও ভবিষ্যতে খুশি হওয়ার মত কিছুই হবে।
নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও সুযোগুসুবিধা চালু, জিমনেসিয়াম, সুইমিংপুল ও অ্যাথলেটিকস ট্র্যাক নিয়ে ক্রিকেটারদের নতুন সুযোগুসুবিধার জন্য পাঁচ বছরের জন্য প্রাইম ব্যাংককে পৃষ্ঠপোষক হিসেবে পাওয়া এবং অচিরেই ছয়টি জেলা শহরে বিসিবি ক্রিকেট একাডেমি চালুর কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এসব ব্যাপারে সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত; ২৮ নভেম্বরের বোর্ড সভায় শুধু অনুমোদন হবে। সংবাদ সম্মেলনে তামিমের সঙ্গে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত