
বিগত ১৭ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসও এ সময়ে যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। যারা জিয়া ও তাঁর পরিবারের নাম মুছে ফেলতে চেয়েছিল, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। তবে ইতিহাস চাপা দিয়ে রাখা যায় না। জনগণের প্রত্যক্ষ ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ইতিহাসেরই প্রতিফলন। শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলা বিএনপি আয়োজিত র্যালির আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদী লুনা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আসেন। পরে জাতীয়তাবাদের দর্শন সামনে রেখে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বাঙালি জাতির ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শহীদ জিয়ার উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৭ বছরে লুটপাট ও দুর্নীতির কারণে দেশের প্রতিটি খাতে সংকট তৈরি হয়েছে। এখন বিভিন্ন ক্ষেত্রে হতাশা ও অপ্রাপ্তির চিত্র দেখা যাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, উন্নয়ন বরাদ্দের অর্থ দুর্নীতি, ঘুষ ও আত্মসাতের মাধ্যমে লুটপাট না হলে মানুষ দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবে। সবাই সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ আটকে রাখতে পারবে না।
অতীতের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, দেশের সংকটময় সময়ে যারা রাজপথে ছিলেন না, তাঁরাই এখন বিভিন্ন ব্যানারে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও দেশের সম্পদ লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, শ্রমিক দলের আহ্বায়ক শাহাব আলী ও ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ ও সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ।


















