Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে পাসপোর্ট পেতে ভোগান্তি, অনিশ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মুন্নির আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ

                       
                   

লোকমান আহমদ

প্রতিবন্ধকতা কখনোই মানুষের স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। এই বিশ্বাসকে ধারণ করে এগিয়ে চলেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী আফসানা আক্তার মুন্নি। সৃজনশীলতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছিল তাঁর সামনে। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৬-এ পারফরম্যান্স করার আমন্ত্রণ পেলেও পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রতা ও ভোগান্তির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর সম্মেলনে অংশগ্রহণ।

জানা যায়, আগামী ১২ নভেম্বর ভারতের করিমগঞ্জে বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদের আমন্ত্রণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৬। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের প্রায় ৯টি দেশ থেকে প্রায় ২৫০ জন অংশগ্রহণ করার কথা রয়েছে। এতে সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর পারফরম্যান্স করার কথা রয়েছে। তাঁদের মধ্যে সমীরঞ্জন বিশ্বাস ও রাবেয়া জান্নাত তালুকদার ইতোমধ্যে ভারতীয় ভিসা পেয়েছেন। কিন্তু পাসপোর্ট না পাওয়ায় এখনো ভিসা প্রক্রিয়ায় যেতে পারেননি আফসানা আক্তার মুন্নি।

মুন্নি গত ৬ অক্টোবর সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন। আবেদনের সময় তাঁর প্রতিবন্ধী পরিচয়পত্র থাকা সত্ত্বেও পাসপোর্ট অফিস থেকে মেডিকেল প্রত্যয়নপত্র চাওয়া হয়। এ নিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়।

মুন্নির বাবা আশিদ আলী জানান, মেয়েকে নিয়ে পাসপোর্ট অফিসে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিবন্ধিতার মেডিকেল প্রত্যয়নপত্র ছাড়া আবেদন গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। অথচ তাঁর মেয়ের সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র ছিল। এ সময় অসুস্থ অবস্থায় তাঁকে ও তাঁর মেয়েকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাঁদের সামনে অন্য একটি পরিবারের প্রায় ২০ জন সদস্যের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলেও তাঁদের আবেদন গ্রহণ করা হয়নি।

পরবর্তীতে তাঁরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখান থেকে সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। পরে সিভিল সার্জন কার্যালয় তাঁর প্রতিবন্ধী পরিচয়পত্র সঠিক বলে সত্যায়ন করে। এরপর পাসপোর্ট অফিসে আবেদন জমা নেওয়া হয়।

পাসপোর্ট জমা দেওয়ার স্লিপ অনুযায়ী গত ২৯ অক্টোবর পাসপোর্ট উত্তোলনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ওই দিন পাসপোর্ট নিতে গেলে তাঁকে জানানো হয়, মেডিকেল সার্টিফিকেট না থাকায় পাসপোর্ট প্রস্তুত হয়নি। পরে প্রয়োজনীয় মেডিকেল সনদ সংগ্রহের জন্য আবারও দৌড়ঝাঁপ শুরু করেন তাঁরা। প্রায় তিন থেকে চার দিন চেষ্টা করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল সনদ সংগ্রহ করেন মুন্নির পরিবার।

গত ৩ নভেম্বর সেই সনদ পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। এ সময় উপস্থিত একজন বিচারকও বিষয়টি শুনে দ্রুত পাসপোর্ট সরবরাহের অনুরোধ জানান। গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের মহাসচিব ও নির্বাহী পরিচালক দৃষ্টি প্রতিবন্ধী মো. বায়জিদ খানও বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন।

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বিষয়টি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। সিভিল সার্জন কার্যালয় আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। এরপরও পাসপোর্ট অফিসের প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় মুন্নির বাবা আশিদ আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এখন অপেক্ষা করছি পাসপোর্ট পাওয়ার।”

তিনি আরও বলেন, “এখন পাসপোর্ট পেলেও সময় খুবই কম। আগামী ১২ নভেম্বর ভারতে সম্মেলন। এর মধ্যে পাসপোর্ট হাতে পাওয়া, ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা এবং ভারতে যাওয়ার প্রস্তুতি নেওয়া কতটা সম্ভব হবে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”

এ বিষয়ে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা বলেন, “মেডিকেল সনদ ছাড়া আমরা প্রতিবন্ধী ব্যক্তির পাসপোর্ট দিতে পারি না। তিনি মেডিকেল সনদ নিয়ে এসেছেন। আমি বিষয়টি ঢাকায় ফরওয়ার্ড করেছি। এখন তাঁর পাসপোর্ট হয়ে যাবে।”

তবে পাসপোর্ট অফিসের এমন প্রক্রিয়াগত জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন অনিশ্চয়তায় পড়েছে আফসানা আক্তার মুন্নির। নির্ধারিত সময়ে পাসপোর্ট ও ভিসা না পাওয়া গেলে আন্তর্জাতিক এ আয়োজনে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত