
সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ। প্রায় দুই সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে ‘সিলেট জেলা প্রেসক্লাব-দৈনিক জৈন্তাবার্তা অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং দৈনিক জৈন্তাবার্তার স্পন্সরশিপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে ক্লাবের শতাধিক সদস্য অংশ নেবেন। ইতোমধ্যে প্রতিযোগিতার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান দৈনিক জৈন্তাবার্তার উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কর্মব্যস্ততার মধ্যে মানসিক প্রশান্তি নিশ্চিত করা এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।




















