মানবতার কল্যাণে নিরবচ্ছিন্ন সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার এক দুস্থ ও অসহায় নারীর ঘর নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার।
ক্লাবের উদ্যোগে বুধবার (১০ জুন) সিলেট নগরের বালুচর এলাকার এক অসহায় নারীর বসতঘর নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়। এ মানবিক সহায়তার সম্পূর্ণ অর্থায়ন করেন ক্লাবের ২০২৫-২৬ রোটাবর্ষের প্রেসিডেন্ট ফাতেহা শিরীন।
টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টারের প্রেসিডেন্ট ফাতেহা শিরীন, চার্টার্ড প্রেসিডেন্ট আবু সালেহ ইয়াহিয়া, ক্লাব ট্রেইনার মো. ইউনুছ আলী, ক্লাব লার্নিং ফ্যাসিলিটেটর ডা. মোহাম্মদ আওলাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট (১) খোকন আক্তার, ক্লাব সেক্রেটারি মো. সায়েদুল আলম (ডালিম), জয়েন্ট সেক্রেটারি মো. শহীদুর রহমান খান, ডিরেক্টর ক্লাব সার্ভিস মো. রাজু মিয়া, সার্জেন্ট অ্যাট আর্মস মো. মামুন হোসেন খান এবং সদস্য শাহ তৌহিদ আহমদ, কামরুন নাহার, নার্গিস আরা বেগম ও সেলিম আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, “মানবসেবাই রোটারির মূল দর্শন। সেই আদর্শকে ধারণ করেই প্রতিষ্ঠালগ্ন থেকে রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার আর্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ক্লাবের সদস্যরা আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।”
তারা আরও বলেন, প্রতিবছর ক্লাবটি স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, ভোকেশনাল সার্ভিস, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ নানা সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দুস্থ ওই নারীর ঘর নির্মাণে এই সহায়তা স্থানীয়দের মধ্যেও প্রশংসিত হয়েছে। মানবতার সেবায় এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে আরও বেশি এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।




















