Ekattorer Kotha
রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় দুই যুবক গ্রেফতার

                       
                   

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
রোববার গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে এসএমপি। এসএমপি সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নগরীর দাড়িয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, অপূর্ব বাড়ই (২১)। তিনি বরিশাল জেলার আগৈলঝড়া থানার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ই ও বিভা বাড়ইয়ের ছেলে। অপরজন দুর্জয় সরকার (২১)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার বলনপুর গ্রামের বিনয় সরকার ও সীমা রানী সরকারের ছেলে। তারা দুজনই নগরীর দাড়িয়াপাড়া এলাকার ৬৩/বি নম্বর বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়ার মেঘনা-এ/২৫, অপর্ণা ভবনে অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২১৫৯, (২১ নভেম্বর ২০২৬) করা হয়। পরে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দুই যুবককে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গ্রেফতারকৃত দুজনসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিরা পারস্পরিক সহযোগিতায় নাশকতা সৃষ্টি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকতে পারেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ