
সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে নগরীর আখালিয়া ও সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে তালুকদার মোহাম্মদ আব্দুস সোবহান (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি আওয়ামী লীগের সিলেট মহানগর জেলা সদস্য। জালালাবাদ থানার মামলা নং-০৩ (০২/০৮/২০২৬) এবং সন্ত্রাসবিরোধী আইনের ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলার তদন্তে তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের অভিযোগ, ২০২৬ সালের ১ আগস্ট জালালাবাদ থানাধীন আলীনগর কমিউনিটি ক্লিনিকের সামনে মিছিল ও মোমবাতি প্রজ্বালন এবং একই দিন তেমুখী থেকে তেলীবাজার বাইপাস সড়কে সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, একই রাতে আনুমানিক ৩টার দিকে জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর রহমান সাহান (২৪) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তিনি জালালাবাদ থানার এফআইআর নং-০৭ (১১/০৯/২০২৪) এবং দণ্ডবিধির ১৪০, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৫ ও ৩৪ ধারা এবং বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩ ও ৪ ধারার মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বরের সামনে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি করা হয়েছে। ওই ঘটনায় দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ছাত্র-জনতাকে আহত করার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে তদন্তে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।




















