Ekattorer Kotha
রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মাঠ ও অর্থসংকটে সুনামগঞ্জের ক্রীড়াঙ্গন

                       
                   

খেলার মাঠের অভাব, ক্লাবগুলোর আর্থিক সংকট আর পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ না থাকায় পিছিয়ে পড়ছে সুনামগঞ্জের ক্রীড়াঙ্গন। জেলার খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে অবকাঠামো উন্নয়ন, নিয়মিত অনুশীলন ও খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় উঠে আসে। আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে এতে জেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবের প্রতিনিধি, সাবেক খেলোয়াড় ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁরা জেলার ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য, বর্তমান প্রতিবন্ধকতা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে মত দেন।
রাইজিং স্টার ক্রিকেট ক্লাবের প্রতিনিধি হোসেন আহমদ রাসেল বলেন, নতুন প্রজন্মের খেলোয়াড়েরা ভালো করলেও সাঁতার, হকি ও টেবিল টেনিসে সুনামগঞ্জের অবস্থান পিছিয়ে। এসব খেলায় দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন।
সাবেক খেলোয়াড় পল্লব ভট্টাচার্য খেলাধুলায় শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আগে খেলোয়াড়েরা রাত ১০টার মধ্যে ঘুমিয়ে সকাল ৭টায় মাঠে অনুশীলনে আসতেন। বর্তমানে সেই অভ্যাস ও পরিবেশ অনেকটাই হারিয়ে গেছে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিয়মিত অনুশীলনের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।
অগ্নিবীনা ক্রিকেট ক্লাবের প্রতিনিধি মো. দবির উদ্দিন বলেন, ফুটবল ও ক্রিকেটের জন্য পৃথক মাঠ না থাকায় নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজন বাধাগ্রস্ত হচ্ছে। আর্থিক সংকটের কারণে ক্লাবগুলোর পক্ষেও কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
হাসননগর ইউনাইটেড ক্রিকেট ক্লাবের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান বলেন, জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত ব্যয় থাকলেও নিজস্ব আয়ের উৎস নেই। এ কারণে প্রয়োজনীয় অনেক উদ্যোগ বাস্তবায়ন করা যাচ্ছে না। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সঞ্চিতা চৌধুরী বলেন, সুনামগঞ্জের মেয়েদের খেলাধুলায় আগ্রহ থাকলেও অর্থের অভাবে তা ধরে রাখা কঠিন। বিভিন্ন কার্যক্রম পরিচালনায় অনেক সময় নিজেদের অর্থ ব্যয় করতে হয়। মেয়েদের অংশগ্রহণ বাড়াতে নিয়মিত অর্থায়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব কাজী নাছিম উদ্দিন লালা জেলার স্টেডিয়ামগুলোর বেহাল অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, ৬৪ জেলার মধ্যে সুনামগঞ্জের স্টেডিয়ামের অবস্থা অত্যন্ত করুণ। ক্রীড়া সংস্থার নিজস্ব আয়ের উৎস না থাকায় কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। ষোলোঘরের মাঠেও পর্যাপ্ত খেলাধুলা হয় না। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি খেলাধুলার মান বাড়াতে হবে।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সোহাগ মিয়া অবশ্য ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক কিছু সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, নতুন কুঁড়ি ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। ওই দলে সুনামগঞ্জের ছয়জন খেলোয়াড় ছিলেন। প্রথমবারের মতো সিনিয়র ক্রিকেটে সুনামগঞ্জ টায়ার ওয়ানে উন্নীত হয়েছে। এ ছাড়া অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের হয়ে জগন্নাথপুরের রাজু আহমেদ দেশের বাইরে সাফ টুর্নামেন্টে অংশ নিয়েছে। তাঁর অর্জনের স্বীকৃতিতে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলা স্টেডিয়াম ও ষোলোঘর ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়নকাজে অগ্রগতি হয়েছে। জেলার ১২টি উপজেলার মধ্যে সাতটিতে স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হয়েছে। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
বৈঠকে আরও বক্তব্য দেন জনউদ্যোগ কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম ও মো. বুরহান উদ্দিন, এফএইচ ক্লাবের প্রতিনিধি অ্যাডভোকেট চৌধুরী আহমদ মুজতবা রাজী এবং নিউ স্টার ক্রিকেট ক্লাবের প্রতিনিধি আলী হোসেন। সঞ্চালনা করেন জনউদ্যোগের সদস্যসচিব সাইদুর রহমান আসাদ।

সর্বশেষ - লিড নিউজ