
শিক্ষা ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত সভাপতি গুলজার খানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতো সংগঠন অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষার প্রসারে কাজ করছে। গুলজার খানকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে সমাজের ইতিবাচক উদ্যোগের স্বীকৃতি দেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন অন্যদেরও মানবকল্যাণে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
সংবর্ধিত গুলজার খান বলেন, এ সম্মান তাঁর একার নয়; বিশ্বনাথের মানুষের ভালোবাসা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। প্রবাসে থাকলেও জন্মভূমির মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক সবসময় অটুট। শিক্ষা ও মানবকল্যাণে কাজ করার দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের জ্যেষ্ঠ সদস্য গৌছ আলী, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক ও বর্তমান অধ্যক্ষ আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, ট্রাস্টের সদস্য গৌছ আলী মুমিন খান মুন্না, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দে মেঘল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জেলা জামায়াত নেতা মাওলানা মাহমুদুর রহমান, ট্রাস্টি আব্দর রব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রভেল ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও বিএনপি নেতা সুরমান খান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াছিন আহমদ। পরে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জাসাসের উপজেলা শাখা, জিয়া মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও তাঁদের সম্মাননা দেয়।




















