
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডের পথ ছেড়ে সন্ত্রাসের দিকে ঝুঁকেছে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দলটির কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই, তাদের চর্চা এখন সন্ত্রাসকেন্দ্রিক। দেশের মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এরপরও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।
শুক্রবার বাদ জুমা সিলেটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭ থেকে ১৮ বছর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ তৈরি করা হয়েছিল। দীর্ঘদিনের অপশাসন ও নির্যাতনে মানুষ তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তাঁর দাবি, ওই সময়ে বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা হয়েছে। এখন বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে দলটি।
বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকেও পুলিশি নির্যাতন, গুম, খুন ও অসংখ্য মামলার মুখে বিএনপি রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন। তারপরও দলটি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথেই ছিল। অন্যদিকে আওয়ামী লীগের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই বলে মন্তব্য করেন তিনি।
অগ্নিসন্ত্রাস ও নাশকতা মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার ওপর গুরুত্ব দেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, কোথাও সন্ত্রাসী বা নাশকতাকারীর সন্ধান পেলে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অপরাধীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে, যাতে তাদের আইনের আওতায় এনে বিচার করা যায়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের পাড়া-মহল্লা, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সতর্ক থাকতে হবে। তাঁর অভিযোগ, সন্ত্রাসীরা রাতের আঁধারে অগ্নিসংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, অগ্নিসন্ত্রাসের প্রকৃত চিত্র দেশ-বিদেশের মানুষের সামনে স্পষ্ট হয়েছে। অতীতে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুললেও তাদের নিজেদের কর্মকাণ্ডেই সেই অভিযোগের বাস্তবতা প্রকাশ পেয়েছে বলে তিনি দাবি করেন। নাশকতায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনারও আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা সিলেটের রাজপথে আন্দোলন করেছেন। রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট শক্তিকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, তাদের গোপন ও সন্ত্রাসী কর্মকাণ্ডও সেভাবে প্রতিহত করা হবে।
দলের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, পাড়া-মহল্লা, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিক প্রশাসনকে জানাতে হবে। আইন নিজের হাতে না তুলে অপরাধীদের আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।




















