
দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া রসরাই জামে মসজিদের প্রধান ফটকসংলগ্ন ইট সলিং রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— উপজেলার রাজনগর গ্রামের জাকির হোসেনের ছেলে ঝুটন মিয়া (২৬) এবং মরপশি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সুজন মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছিলেন অভিযুক্তরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে এবং তাদের তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



















