
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হলেও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা এখনও কাঁচা রয়ে গেছে এবং অতীতে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। তবে আগামী পাঁচ বছরের মধ্যে নগরীর প্রতিটি রাস্তা সম্প্রসারণ ও পাকাকরণ করা হবে এবং নগরীতে কোনো কাঁচা রাস্তা অবশিষ্ট রাখা হবে না। মঙ্গলবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন এবং পরিদর্শনকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
সিসিক কর্পোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলোর অনুন্নত অবস্থা ও নাগরিক সুবিধা থেকে বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকাকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। তিনি আরও জানান, সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিক থেকে প্রতিটি সড়ক পাকাকরণের উদ্যোগ নিয়েছেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় নগরীর রূপ পরিবর্তন করা সম্ভব।
ওই দিনদুপুরে ৩৪ নম্বর ওয়ার্ডের আল বারাকা আবাসিক এলাকায় সড়ক সম্প্রসারণকাজের উদ্বোধন করে তিনি জানান, দুই মাস আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই কাজ শুরু হয়েছে। টেকসই উন্নয়নের স্বার্থে সড়কটি ২০ ফুট প্রশস্ত করে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে এবং কাজের গুণগত মান বজায় রাখতে ঠিকাদারকে নির্দেশ দেওয়ার পাশাপাশি এলাকাবাসীকে তা তদারকি করার অনুরোধ জানান তিনি। এ সময় সাংবাদিক মোহিদ হোসেন, সিসিকের সহকারী প্রকৌশলী সেলিম আহমদ ও কামরুজ্জামান কামরুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এরপর ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক এলাকায় আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এক মাস আগে দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নে এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সংক্রান্ত দুর্ভোগ লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় সিসিকের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, কার্যসহকারী দেলোয়ার, মেঘনা এন্টারপ্রাইজের প্রকৌশলী আরিফ ও ফারহানসহ স্থানীয় প্রবীণ বিএনপি নেতা মঈনউদ্দিন আহমেদ, শাহীন মিয়া, আবুল মিয়া, বাছা আহমদ, মামুনুর রসিদ, ছাবু মিয়া, জামাল উদ্দিন এবং মসজিদের মোতাওয়াল্লি রসিদ মিয়াসহ এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন।
বিকালে ৯ নম্বর ওয়ার্ডের নরসিংটিলা এলাকায় সড়ক সম্প্রসারণকাজ পরিদর্শনের সময় জনস্বার্থে স্বেচ্ছায় জমি ছেড়ে দেওয়ায় স্থানীয় এলাকাবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সিসিক প্রশাসক। এই পরিদর্শনে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল ও কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সন্ধ্যায় ৩৮ নম্বর ওয়ার্ডের টুকেরবাজারে হায়দরপুর মসজিদসংলগ্ন এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন এবং ৩৯ নম্বর ওয়ার্ডের শাদীখালের পাড়স্থ টুকেরবাজার সংযোগস্থল থেকে শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ পয়েন্ট পর্যন্ত বৃহত্তর শাহপুর গ্রামের প্রধান সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিসিক প্রশাসক। অধ্যক্ষ জালাল উদ্দিন আল কাদরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহসভাপতি শহীদ আহমদ ও সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমনের বক্তব্যসহ অনুষ্ঠানে বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, ওয়ার্ড সভাপতি ইনাম হোসেন ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















