
স্ত্রীর মৃত্যুর ছয় বছর পর হত্যা মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন শ্রীমঙ্গলের সাংবাদিক অনুজ কান্তি দাশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আউয়াল এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন এবং রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুল মতিন চৌধুরী।
মামলার নথি অনুযায়ী, অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশ ২০২০ সালের ১ ডিসেম্বর অসুস্থ হয়ে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সংবাদদাতা ছিলেন।
স্ত্রীর মৃত্যুর পরদিন ২ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ৪ ডিসেম্বর রাতে অনিতার বাবা অনুজ কান্তি দাশ এবং তাঁর বাবা-মাকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর অনুজ কান্তি দাশকে আটক করা হয়। আটকের আগে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর অনিতার মৃত্যুর কারণ মেনিনজাইটিস বলে জানিয়েছেন।
এরপর মামলাটি আদালতে বিচারাধীন ছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার রায় ঘোষণা করে আদালত অনুজ কান্তি দাশকে অভিযোগ থেকে খালাস দেন।




















