
কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জন করলে তরুণদের চাকরির পেছনে ছুটতে হবে না, বরং চাকরিদাতারাই তাঁদের খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার সকালে নগরীর চৌহাট্টায় সিসিক পরিচালিত ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রশিক্ষণ নিয়ে তরুণেরা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। চাইলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও নিজের কর্মসংস্থান গড়ে তুলতে পারবেন। তাঁদের কাজের জন্য কারও দরজায় দাঁড়িয়ে অনুরোধ করতে হবে না।
প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হোসনে আরা লাইজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা শাকিল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ। এ ছাড়া বক্তব্য দেন বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ইমন কাজী, হিমেল শেখ, মো. রিয়াদ, আব্দুস সালাম ও উম্মে সালমা রিপা। অনুষ্ঠানের শেষ পর্বে ওয়েল্ডিং, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।




















