Ekattorer Kotha
মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার জিপিএ-৫ পেল ১২০৪ জন

                       
                   

স্টাফ রিপোর্ট:: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) সিলেট শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াসমিন।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২১৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৫২৮ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।
ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনে ছেলেরা এগিয়ে রয়েছে। সব মিলিয়ে এবার ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বোর্ডের ইতিহাসে এর আগে ২০০৫ সালে সর্বনিম্ন ৪৪ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসাবে এবারের পাসের হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ৩১ হাজার ২১৫ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৭৩টি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৮৭০ জন, মৌলভীবাজারের ৫৩টি প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৭৩৯ জন এবং হবিগঞ্জের ৫৫টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এদিকে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। ২০২৫ সালে সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭৪৫ জনে।
তবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাসের হার আশানুরূপ হয়নি। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৪৮২ জন কমে যাওয়ার পর এবার সংখ্যা বাড়লেও ফলাফলে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষার মান, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ - লিড নিউজ