Ekattorer Kotha
বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

নিলামের ভ্যানে মাদক চালান, আটকের পর ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

                       

মার্চ ১৮, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট ::

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়া এলাকার দলইপাড়া গ্রামে পুলিশের হেফাজত থেকে ২৯৭ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বুধবার (১৮ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টায় শাহপরাণ থানা পুলিশের একটি দল খাদিমপাড়া এলাকায় দলইপাড়া গ্রামে আহাদের দোকানের সামনে হুবহু পুলিশের পুরাতন পিকআপের মতো দেখতে একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ঠ-১৪-১২৭৫) তল্লাশি চালিয়ে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় শহিদুল ইসলাম ও জাবেদ আহমদ নামে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর আসামিরা চিৎকার করতে থাকলে তাদের সহযোগীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়। অভিযোগ রয়েছে, মাদক কারবারি আব্দুল আহাদ কুটন, এনাম, সাকিব, রেবুল, রোমান ও রাজিবের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের পথরোধ করে ‘মব’ সৃষ্টি করে। তারা পুলিশের ওপর চড়াও হয়ে আটক দুই মাদক ব্যবসায়ীকে পিকআপসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে ২৯৭ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে শহীদুল ও জাবেদসহ তাদের সহযোগীরা। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে হাইওয়ে পুলিশের ব্যবহৃত পুরাতন একটি পিকআপ ভ্যান নিলামে কিনে সেটা মাদক পরিবহনের কাজে ব্যবহার করে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হলেও ‘মব’ সৃষ্টি করে তাদের ছিনিয়ে নেয় অন্যান্য মাদক ব্যবসায়ীরা।

শাহপরাণ থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আটকদের থানায় নেওয়ার পথে স্থানীয় কিছু মাদক কারবারি ও বাসিন্দা মিলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা পুলিশের ওপর চড়াও হয়ে পিকআপসহ আসামিদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় শাহপরাণ থানার এসআই মো. আলিফ বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ বরে ও অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে শাহপরাণ থানায় একটি মামলা (নম্বর-৩০/৬৯) দায়ের করেছেন।

তিনি আরও জানান, ছিনিয়ে নেওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ